আকাশে উড়বে গাড়ি, কয়েক মিনিটে পাড়ি দেবে এক জায়গা থেকে অন্য জায়গায়। বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবে রূপ নিতে যাচ্ছে এমন প্রযুক্তি। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং (XPeng) ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী বহনের জন্য উড়ন্ত যান চালুর পরিকল্পনা করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই আসনের এই উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।
১০ বছরের গবেষণার পর অনুমোদন
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর যানটি সীমিত ব্যবহারের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এক্সপেংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও জানিয়েছেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে যানটি ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে।
প্রাথমিকভাবে চীনের গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
ড্রোনের মতো ছয়টি প্রপেলার
উড়ন্ত যানটির ককপিটের আকার প্রায় ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যেগুলোর সাহায্যে যানটি আকাশে উড়তে পারে।
সাধারণ জয়স্টিক দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্য আগে থেকে প্রোগ্রাম করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও উড়তে সক্ষম হবে যানটি।
তবে নাম উড়ন্ত গাড়ি হলেও এটি প্রচলিত গাড়ির মতো নয়। এতে কোনো চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন করতে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যায়।
সঙ্গে থাকবে ছয় চাকার বিশেষ ভ্যান
এই প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, উড়ন্ত যানটির সঙ্গে থাকবে ছয় চাকার একটি ভ্যান। আকারে এটি ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে আকাশে ওড়ানো যাবে।
অর্থাৎ স্থলযান ও আকাশযান একসঙ্গে ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি মডুলার পরিবহনব্যবস্থা। এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন।
একবার চার্জে উড়বে ৩০ কিলোমিটার
বর্তমানে একবার চার্জে উড়ন্ত যানটির সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বাড়িয়ে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যানটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে।
প্রাথমিক পর্যায়ে অবশ্য এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে না। চীনের অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফলে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার আপাতত সীমিত থাকবে।
উড়ন্ত যান নিয়ে প্রতিযোগিতায় চীন-যুক্তরাষ্ট্র
উড়ন্ত গাড়ি তৈরির প্রতিযোগিতা শুধু চীনে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রেও এ প্রযুক্তি নিয়ে কাজ চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের দাবি, টেসলার প্রদর্শিত যানটি প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়; বরং সেটিতে লাফানো বা কিছু সময় ভেসে থাকার মতো কৌশল দেখানো হয়েছে।
‘লো-অলটিটিউড ইকোনমি’ গড়ে তুলছে চীন
ড্রোন ও উড়ন্ত গাড়িসহ স্বল্প উচ্চতায় চলাচলকারী আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে কেন্দ্র করে ‘লো-অলটিটিউড ইকোনমি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চীন। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, এরপর যাত্রী পরিবহন এবং ধীরে ধীরে গ্রামীণ এলাকা থেকে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হবে।
ডেলি ঝাও জানিয়েছেন, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। এক্সপেং সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি দ্রুত ইউরোপের বাজারে প্রবেশের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
বিশ্বের পরিবহনব্যবস্থাকে স্থলপথ ও আকাশপথের সমন্বয়ে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে এক্সপেং। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন দূরত্ব, নিরাপত্তা এবং বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনই নির্ধারণ করবে, ভবিষ্যতে উড়ন্ত গাড়ি সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে কতটা সময় লাগবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন