সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিবাদ, পাল্টা বক্তব্য ও হট্টগোলে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের তৃতীয় দিনে বিকেলে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ ও সম্পূরক প্রশ্নের জবাব দিতে ওঠেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

ডিলার নিয়োগকে ‘উৎসব’ বলায় বিরোধীদের প্রতিবাদ

জবাবের শুরুতে মন্ত্রী সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা তো চাই মানুষ উৎসবের মতো করে এটি গ্রহণ করুক।’ তাঁর এ বক্তব্যের পরপরই বিরোধী দলের আসনে থাকা সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করেন। একপর্যায়ে সংসদ কক্ষে তুমুল হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতির মধ্যে মন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি নতুন মন্ত্রী। কথা বলার সময় এভাবে সাইড টক হলে তাঁর অসুবিধা হয়। তাঁর জবাবে কেউ সন্তুষ্ট না হলে আরও সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান স্পিকারের

হট্টগোল অব্যাহত থাকায় স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপের উদ্দেশে বলেন, বিরোধীদলীয় নেতা উপস্থিত না থাকায় দলের সংসদ সদস্যদের শান্ত ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব চিফ হুইপের।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, মন্ত্রী উত্তর দিচ্ছেন। তাঁর উত্তরে সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন নেওয়া হবে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করলেন মন্ত্রী

পরিস্থিতি কিছুটা শান্ত হলে মন্ত্রী সারের ডিলার নিয়োগের সরকারি প্রক্রিয়া তুলে ধরেন। তিনি জানান, এ নিয়োগে একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই। উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটির মাধ্যমে বিধিমালা অনুসরণ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করেছে।

উপজেলা পর্যায়ের কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। প্রাথমিক যাচাই শেষে আবেদনগুলো জেলা কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।

তবে ডিলার নিয়োগ নিয়ে সংসদে ওঠা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে মন্ত্রীর ব্যাখ্যার পরও বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।