২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবোটিকস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।
ষষ্ঠ শ্রেণি থেকেই এআই ও রোবোটিকস শিক্ষা
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আগামী প্রজন্মকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে সরকার আইসিটি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-চালিত টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, এআই-চালিত সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অষ্টম থেকে দশম শ্রেণিতে যেসব বিষয় থাকবে
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা সম্পর্কে পড়ানো হবে।
নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও ইন্টারনেট অব থিংস।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে এআইয়ের ব্যবহারিক শিক্ষা
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিক দিক তুলে ধরা হবে।
এ ছাড়া রোবোটিকস ও ন্যানোটেকনোলজিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তায় গুরুত্ব
শিক্ষামন্ত্রী বলেন, এআই শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তবে এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শেখানো প্রয়োজন।
তিনি জানান, শিক্ষার্থীদের বয়স উপযোগী করে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের স্কুলশিক্ষায় তথ্য যাচাই ও ডিপফেক শনাক্তকরণের বিষয় যুক্ত করার উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি সাইবার নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও উল্লেখ করেন।
প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনোলজি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ল্যাবে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে শেখার সুযোগ থাকবে।
প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপনের কথা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় সাড়ে হাজার কোটি টাকা বলে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ব্যয় নির্ধারণ করা হবে বলে জানান।
১ হাজার ৫০টি প্রতিষ্ঠানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের উদ্যোগ
এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
ইউনেসকোর সঙ্গে এআই শিক্ষায় কাজ করার পরিকল্পনা
শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশ অংশ নিয়েছিল। ২০২৬ সালের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা।
সেখানে এআইয়ের অপব্যবহার, শিক্ষায় এর প্রভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। ইউনেসকোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এআইভিত্তিক শিক্ষাদান এগিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত দুর্বলতা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায় থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে। তবে পাঠ্যক্রমে এসব বিষয় যুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সুবিধা ও ল্যাব নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন