ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর কথা বললেও যুক্তরাষ্ট্র নিজেই সামরিক শক্তি প্রয়োগ ও হুমকির মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন পেজেশকিয়ান। তাঁর ভাষ্য, সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে।
ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর অজুহাতে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে। অথচ সংঘাতের প্রথম দিনেই ইরানের লামার্দে একটি স্পোর্টস হলে ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। হামলায় ব্যবহৃত অস্ত্র হিসেবে পেজেশকিয়ান পিআরএস ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন।
এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে। শক্তিশালী এই প্রচলিত বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত।
পেজেশকিয়ানের মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর কথা বলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো এবং একই সঙ্গে আরও শক্তিশালী বোমা ব্যবহারের পরিকল্পনা পরস্পরবিরোধী। তিনি মার্কিন প্রশাসনের এমন অবস্থানকে শুধু স্ববিরোধী নয়, লজ্জাজনক বলেও মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা, সেই প্রশ্ন তোলেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও দেশটির ভূগর্ভস্থ স্থাপনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন