বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এই লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কিছু এলাকায় বৃষ্টির একাধিক পর্বও দেখা যেতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬৪ শতাংশ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন