চাকরি খুঁজতে গিয়ে ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইটে হুট করেই চোখে পড়ে আকর্ষণীয় কোনো বিজ্ঞাপন। যেখানে খুব বেশি যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, অথচ বেতন প্রস্তাব করা হয়েছে বেশ আকর্ষণীয়। আবেদন করতে বলা হয় কেবল একটি হোয়াটসঅ্যাপ নম্বরে। এমন লোভনীয় বিজ্ঞাপন দেখে অনেকেই সহজে আগ্রহী হয়ে পড়েন এবং প্রতারকদের ফাঁদে পা দেন।
অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারকরা আবেদনকারীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে, আবার কখনো ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সংগ্রহ করে নেয়। কিছু ক্ষেত্রে চাকরির নামে অবৈধ বা প্রতারণামূলক কাজেও যুক্ত করার চেষ্টা চলে। তাই অনলাইনে কোনো চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করার আগে কয়েকটি বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি।
কোনো বিজ্ঞাপনে অল্প কাজের বিনিময়ে অস্বাভাবিক বেশি বেতনের প্রতিশ্রুতি থাকলে সতর্ক হতে হবে। বিশেষ করে ঘরে বসে বিনা অভিজ্ঞতায় প্রতিদিন হাজার হাজার টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হলে তা ভালোভাবে যাচাই করুন। তবে বেশি বেতন মানেই যে ভুয়া, তা নয়; বরং কাজের ধরন, প্রয়োজনীয় দক্ষতা এবং প্রতিষ্ঠানের পরিচয়ের সঙ্গে বেতনের সামঞ্জস্যতা যাচাই করতে হবে।
বিজ্ঞাপনে প্রতিষ্ঠানের নাম দেখেই বিশ্বাস না করে অনলাইনে তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইট খুঁজুন। সেখানে প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের মাধ্যম এবং ‘ক্যারিয়ার’ বা ‘জবস’ বিভাগে আপনার দেখা চাকরির বিজ্ঞাপনটি আছে কি না, তা মিলিয়ে দেখুন। অনেক সময় পরিচিত প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন ছড়ানো হয়।
ভুয়া চাকরির বিজ্ঞাপন শনাক্ত করার অন্যতম একটি উপায় হলো টাকা চাওয়ার ধরন। কোনো প্রতিষ্ঠান চাকরি নিশ্চিত করার কথা বলে বিকাশ, নগদ বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বললে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। প্রতারকরা নিবন্ধন ফি, প্রশিক্ষণ ফি, জামানত বা নিয়োগপত্র তৈরির খরচের নামে টাকা দাবি করে। কোনো বৈধ নিয়োগপ্রক্রিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম থাকে না।
ভুয়া বিজ্ঞাপনে আবেদনকারীদের কেবল হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারে যোগাযোগ করতে বলা হয়। আবার কখনো ই-মেইলে যোগাযোগ করা হলেও সেই ই-মেইল ঠিকানাটি ভালোভাবে দেখা জরুরি। পরিচিত প্রতিষ্ঠানের নামের সঙ্গে সামান্য পার্থক্য রেখে ভুয়া ই-মেইল ঠিকানা (যেমন অক্ষর বদলে বা অতিরিক্ত শব্দ জুড়ে) তৈরি করে প্রতারণা করা হয়। তাই শুধু ই-মেইলে প্রতিষ্ঠানের নাম লেখা থাকলেই বিশ্বাস করবেন না।
চাকরির আবেদনে জীবনবৃত্তান্ত ও কাজের অভিজ্ঞতা চাওয়া স্বাভাবিক। কিন্তু শুরুতেই জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, পাসওয়ার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পিন চাইলে কখনোই তা দেবেন না। কোনো বৈধ নিয়োগপ্রক্রিয়ায় পাসওয়ার্ড বা পিনের প্রয়োজন হয় না।
এ ছাড়া আবেদন করার কিছুক্ষণ পরই যদি জানানো হয় যে চাকরি হয়ে গেছে এবং কোনো সাক্ষাৎকার বা দক্ষতা যাচাই ছাড়াই টাকা পাঠালেই নিয়োগপত্র দেওয়া হবে-এমন পরিস্থিতিতে অবশ্যই সতর্ক হতে হবে।
ভুয়া বিজ্ঞাপনে কাজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট তথ্য থাকে না, কেবল ‘জরুরি নিয়োগ’, ‘নিশ্চিত আয়’ বা ‘সহজ কাজ’ ধরনের কথা লেখা থাকে। সন্দেহ হলে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ভরসা না করে সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে মানবসম্পদ বিভাগে যোগাযোগ করুন।
প্রতারণার শিকার হলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল আর্থিক সেবাদাতার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানান। বিজ্ঞাপনের লিংক, কথোপকথনের স্ক্রিনশট এবং টাকা পাঠানোর রসিদ সংরক্ষণ করে থানায় অভিযোগ করুন। সন্দেহজনক কোথাও পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত তা পরিবর্তন করুন এবং ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটিকে ভুয়া হিসেবে রিপোর্ট করুন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন