রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা যাওয়ার তথ্য সামনে এসেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক দিনেই এই অর্থ স্থানান্তর করা হয়। বড় অঙ্কের এই লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
ওই পুলিশ কর্মকর্তার নাম সাবিহা আক্তার। আর অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট লেনদেনের সময় তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন না।
ব্যাংকের হিসাব বিবরণী অনুযায়ী, ঘটনার দিন কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা পড়ে। এরপর সেখান থেকে ৪৯ লাখ টাকা সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাঠানো হয়। একই দিনে এত বড় অঙ্কের অর্থ জমা ও স্থানান্তরের বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবিহা আক্তার বলেন, তাঁর ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা কেন, এক-দুই কোটি টাকাও আসতে পারে। অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি টাকা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নন বলেও মন্তব্য করেন তিনি।
গত সোমবার (৯ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিসে এক কর্মকর্তার কক্ষে এসব কথা বলেন সাবিহা। পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলামের সঙ্গে তাঁকে দেখা যায়। একটি ডেন্টাল কেয়ারের সামনে দুজনকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। তখনও পুলিশের পোশাক পরা ছিলেন ওই সার্জেন্ট।
অর্থ পাঠানোর কারণ জানতে চাইলে প্রথমে কথা বলতে চাননি সাইফুল ইসলাম। পরে তিনি জানান, সাবিহা অন্য একজনের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। তবে ওই ব্যক্তি সরাসরি সাবিহাকে টাকা দিতে না চাওয়ায় তাঁর মাধ্যমে লেনদেনটি সম্পন্ন করা হয়। নগদ অর্থ নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করে সেখান থেকে সার্জেন্টের হিসাবে পাঠিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
সাইফুলের ভাষ্য, অন্যের উপকার করতে গিয়ে এখন নিজেই সমস্যায় পড়েছেন। তবে যাঁর কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল, তাঁর পরিচয় কিংবা টাকা দেওয়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এ ধরনের বড় অঙ্কের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্তের প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তাঁর মতে, সরকারি কর্মকর্তাদের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক লেনদেন থাকলে তা খতিয়ে দেখা জরুরি।
অন্যদিকে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, সার্জেন্ট সাবিহা তাঁর কাছে এ ধরনের লেনদেনের কথা অস্বীকার করেছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে জানান তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন