এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুক্তমঞ্চ থেকে মশাল মিছিলটি বের করা হয়। এতে এনসিপি এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বাড়িতে হামলা কিংবা অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তারা বলেন, নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় সরকার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং গণ-অভ্যুত্থানের সব অংশীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

প্রয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তাদের মতে, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ জরুরি। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ডিগ্রি কলেজ মাঠে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, শহীদদের স্মৃতির প্রতি অসম্মান প্রদর্শনের এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, জেলা শাখার নাহিদুল ইসলাম, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল হক লিংকন, সরাইল উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল আরেফিন।

এ ছাড়া বক্তব্য দেন বিজয়নগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আহমেদ সরকার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাজুল ইসলাম এবং মুখ্য সংগঠক মারুফসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশের শেষ পর্যায়ে বক্তারা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ এবং শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভ অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।