কক্সবাজারে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মাণাধীন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের কাজ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ২৩২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সম্পন্ন হলে কক্সবাজারে মাছ অবতরণের সক্ষমতা দ্বিগুণ হবে। পাশাপাশি মাছ সংরক্ষণ, বরফ উৎপাদন এবং মাছ ধরার ট্রলারের জন্য বার্থিং সুবিধাও বাড়বে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তুলতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও অবহিত হন তিনি।

পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু প্রকল্পের নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মাছ অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। উন্নত অবকাঠামো ও সংরক্ষণ সুবিধা মৎস্য খাতের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা করা হচ্ছে।

প্রকল্পটির নাম ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’। জাইকার অর্থায়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর নির্মাণকাজ পরিচালনা করছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চার (JDC–Konoike Joint Venture)।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৩২ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) থেকে ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান থেকে ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটি সম্পন্ন হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মাছ অবতরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে কেন্দ্রটিতে বছরে প্রায় ৭ হাজার মেট্রিক টন মাছ অবতরণ করা হয়। আধুনিকায়নের কাজ শেষ হলে এই সক্ষমতা বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় দ্বিগুণ পরিমাণ মাছ অবতরণের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া কেন্দ্রটির বরফ উৎপাদনের সক্ষমতাও বাড়ানো হবে। বর্তমানে বছরে ৫ হাজার মেট্রিক টন বরফ উৎপাদন করা সম্ভব হলেও প্রকল্প বাস্তবায়নের পর তা বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। এতে মাছ সংরক্ষণে প্রয়োজনীয় বরফের সরবরাহ বাড়বে এবং মাছের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে উন্নত সুবিধা তৈরি হবে।

প্রকল্পের আওতায় মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য অতিরিক্ত বার্থিং সুবিধাও সৃষ্টি করা হবে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকা কেন্দ্রে ভেড়ানোর সুযোগ পাবে। পাশাপাশি ট্রলার থেকে মাছ অবতরণের জন্য অপেক্ষার সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে জেলেদের সময় সাশ্রয়ের পাশাপাশি মাছ অবতরণ কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে।

পরিদর্শনকালে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের ম্যানেজার মি. হাজুই ও মি. ইকেদা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।