পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান। যে বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম দিনটি শুরু হয়েছিল, সেই প্রিয় বিদ্যালয় থেকেই বিদায় নিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস রমা ভট্টাচার্য। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকার বিদায়বেলায় আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ ইলিয়াছ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এবং চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মিসেস রমা ভট্টাচার্য ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ ৩৩ বছর একই প্রতিষ্ঠানে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। জীবনের দীর্ঘ একটি অধ্যায় কাটিয়েছেন এই বিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সঙ্গে। তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী পেয়েছে শিক্ষার আলো, নৈতিক শিক্ষা ও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
এমএ ও বিএড ডিগ্রিধারী রমা ভট্টাচার্যের কর্মজীবনের পুরোটা জুড়েই ছিল এই বিদ্যালয়। যোগদানের প্রথম দিন থেকে অবসর গ্রহণের শেষ দিন পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা তাঁর শিক্ষকতা জীবনের এক বিশেষ অর্জন।
পারিবারিক জীবনেও তিনি একজন সফল মা। তাঁর স্বামী ঝুলন চক্রবর্ত্তী একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে অম্লান চক্রবর্ত্তী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেয়ে কল্পিতা চক্রবর্ত্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষ গড়ার এক মহান দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ ৩৩ বছর যেসব শিক্ষার্থীর জীবনে তিনি জ্ঞানের আলো জ্বালিয়েছেন, তাঁদের স্মৃতিতে রমা ভট্টাচার্য থেকে যাবেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে। কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়।
বিদায় সংবর্ধনার এই আয়োজন তাই শুধু একজন শিক্ষিকার অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা ছিল না; বরং ছিল দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা, ভালোবাসা, ত্যাগ ও অবদানের প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন মুহূর্ত।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন