মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে হবে। আগে এ কাজের শেষ সময় ছিল ১৫ নভেম্বর।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক।

এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএ নির্ধারিত মাপ, রং ও উপকরণ ব্যবহারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্য ধরনের মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরির জন্য স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।

এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণ হিসেবে বিআরটিএ জানিয়েছে, ‘ঢাকা মেট্রো-ল-০০-০০০০’।

নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ৩১ ডিসেম্বর

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আগের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর নির্দেশনা অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করতে মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।