সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ছাড় এবং নতুন নীতিগত উদ্যোগের ফলে বাংলাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
এরই মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিজের প্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করছেন মাগুরার প্রকৌশলী মো. আখতারুজ্জামান। অন্যদিকে, নওগাঁর সাব্বির হোসেন সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিজের বিদ্যুৎ বিল কমাতে পারলেও নেট মিটারিং সংযোগ না পাওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে পারছেন না।
সৌরবিদ্যুৎ থেকে মাসে ৭ হাজার টাকা আয়
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন।
২০২৩ সালের ডিসেম্বরে তাঁর স্থাপন করা সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল। সব মিলিয়ে এগুলোর উৎপাদনক্ষমতা ৫ দশমিক ২৩ কিলোওয়াট। পুরো ব্যবস্থা স্থাপনে তাঁর ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা।
আখতারুজ্জামান জানান, উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজের প্রতিষ্ঠানে ব্যবহার করেন। চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন। প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ গ্রিডে দেন। এর বিনিময়ে মাসে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়।
পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি এ ব্যবস্থা স্থাপন করেছেন। ভবিষ্যতে অর্থায়নের সুযোগ পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি।
সৌরবিদ্যুতে কমেছে নওগাঁর সাব্বিরের বিদ্যুৎ বিল
নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন।
তাঁর স্থাপন করা ব্যবস্থায় রয়েছে ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি সৌর প্যানেল। সব মিলিয়ে স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থা স্থাপনে তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা।
সাব্বির হোসেন জানান, বাসাবাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি পানির উত্তোলনের মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন তিনি। এ ব্যবস্থা চালুর আগে সাধারণ সময়ে তাঁর বাসার বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা কমে ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।
তবে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য নেট মিটারিংয়ের অনুমতি পাননি তিনি। ফলে নিজের বিদ্যুৎ বিল কমাতে পারলেও অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রির সুবিধা পাচ্ছেন না।
সৌরবিদ্যুৎ ব্যবহারে বাড়ছে আগ্রহ
আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের অভিজ্ঞতা দেখাচ্ছে, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে বিদ্যুৎ বিল কমানো সম্ভব, অন্যদিকে নেট মিটারিং সুবিধা থাকলে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগও রয়েছে।
বাসাবাড়ি ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাহিদার চাপ কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন কমানো এবং দেশের জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে এ প্রযুক্তি।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল
সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার অর্থায়ন সুবিধা নির্ধারণ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরও অর্থের সংস্থান করার পরিকল্পনা রয়েছে।
গত ৩ নভেম্বর রাজধানীতে বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, শুধু বড় প্রকল্প নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও এ খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।
উদ্বৃত্ত বিদ্যুৎ কিনবে সরকার, প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা
সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার।
বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ রয়েছে। এ সুবিধা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এ প্রণোদনা নির্দিষ্ট শর্তসাপেক্ষ। ঘোষিত ব্যবস্থায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে এবং ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত নিয়মে সংযোগ নিতে হবে। ফলে সব ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে একই হারে অর্থ পাওয়ার সুযোগ নেই।
নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক প্রথমে নিজের প্রয়োজন অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করেন। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সরবরাহ করতে পারেন। গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিদ্যুৎ বিল সমন্বয়ের সুযোগ থাকে।
এ ব্যবস্থার জন্য অনলাইনে নেট মিটারিং সংযোগের আবেদন করা যায়। তবে আবেদন, অনুমোদন ও সংযোগ পেতে দীর্ঘসূত্রতা থাকলে গ্রাহকের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সৌর সরঞ্জাম আমদানিতে কর কমে ১ শতাংশ
সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক ব্যয় কমাতে নির্দিষ্ট সৌর সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ১৬ সেপ্টেম্বর জারি করা নতুন সুবিধা অনুযায়ী, শর্তসাপেক্ষে যোগ্য সৌর সরঞ্জাম আমদানিতে মোট করের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে এসব সরঞ্জামের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করের বোঝা ছিল ১৭ শতাংশ।
এনবিআরের এ সিদ্ধান্তে নির্ধারিত সৌর সরঞ্জাম আমদানির ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে। ফলে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিনিয়োগ উৎসাহিত হতে পারে। তবে সব ধরনের যন্ত্রাংশ এ সুবিধার আওতায় পড়বে না। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত পণ্য ও শর্ত অনুসরণ করতে হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন অধ্যাদেশ
সৌরবিদ্যুৎ স্থাপনের প্রক্রিয়া সহজ ও সম্প্রসারণের লক্ষ্যে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করে।
এ অধ্যাদেশে সরকারি-বেসরকারি ভবনের ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন অব্যবহৃত জমি ও জলাশয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি চা বাগান, ভাসমান সৌরবিদ্যুৎ, কৃষি-সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ ও বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, নির্ধারিত শর্তে সর্বোচ্চ ৫ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতাভুক্ত নয়।
এতে ওপেক্স ও ক্যাপেক্স মডেলে প্রকল্প বাস্তবায়নের বিধান রাখা হয়েছে। ওপেক্স মডেলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে ব্যবস্থা স্থাপন ও এর মালিকানা সংরক্ষণ করতে পারবে।
এ ছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন, নেট মিটারিং, প্রকল্প তদারকি এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরি, ভাঙচুর বা অবৈধ সংযোগের ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় পলিসি কাউন্সিল এবং জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের ব্যবস্থাও রয়েছে।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার লক্ষ্য রয়েছে। বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষি-সৌরবিদ্যুৎসহ অন্যান্য উৎস থেকেও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনার পাশাপাশি এ-সংক্রান্ত সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেট মিটারিং সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি প্রণোদনা, করছাড় ও নীতিগত উদ্যোগের পাশাপাশি সহজ অর্থায়ন এবং দ্রুত সংযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নেট মিটারিংয়ের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ না হলে সাধারণ গ্রাহকদের জন্য এ সুবিধা কাজে লাগানো কঠিন হবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, এসব উদ্যোগ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। তবে সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সৌর সরঞ্জাম কেনেন। ফলে আমদানি শুল্ক কমানোর সুবিধা তাঁদের কাছে সরাসরি পৌঁছায় না।
শাহরিয়ার আহমেদ চৌধুরীর মতে, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক বিনিয়োগের চাপ কমাতে দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। আবেদন করার পর গ্রাহক যেন অনুমোদনের অগ্রগতি জানতে পারেন, সে ব্যবস্থাও থাকা প্রয়োজন।
সরকারি উদ্যোগের পাশাপাশি অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও গ্রাহকসেবা নিশ্চিত করা গেলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়তে পারে। এতে একদিকে গ্রাহকের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন