দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ৩০০টি পরিবার দুর্ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।
সংস্থাটির তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এর বাইরে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৬৪৭ জন।
প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে ভ্রমণরত পুরো পরিবারের সদস্যদের প্রাণ হারানোর ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।
তিনি জানান, সংস্থাটির পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে।
বিশ্লেষণে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির তথ্য উঠে এসেছে।
৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
অটোরিকশা দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি
পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জনের প্রাণহানি ঘটেছে।
অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে ২১১টি ঘটনায় একই পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য নিহত হয়েছেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং আরেকটি দুর্ঘটনায় ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া ১০৮টি প্রাইভেট কার দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৩৫২ জন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন। ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।
ছয় বছরে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান
আরএসএফের বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে দেশে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন নিহত এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হন।
২০২১ সালে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন নিহত ও ৭ হাজার ৪৬৮ জন আহত হন। ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে। এসব দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জনের মৃত্যু এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন।
২০২৩ সালে ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন নিহত এবং ১১ হাজার ৪০৭ জন আহত হন। ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় প্রাণ হারান ৭ হাজার ২৯৪ জন। আহত হন ১২ হাজার ১৯ জন।
২০২৫ সালে পরিস্থিতি আরও উদ্বেগজনক ছিল। ওই বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন। ছয় বছরের পরিসংখ্যানে এক বছরে এটিই সর্বোচ্চ দুর্ঘটনা ও আহতের সংখ্যা।
২০২৬ সালের মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মে মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন নিহত হন।
এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জন প্রাণ হারিয়েছেন।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী
আরএসএফের পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের দক্ষতার ঘাটতি, শারীরিক ও মানসিক অসুস্থতা এবং অনিয়ন্ত্রিত কর্মঘণ্টাকেও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
এ ছাড়া মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, বেপরোয়া মোটরসাইকেল চালানো, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, আইন লঙ্ঘন, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দায়ী করা হয়েছে।
ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্ধারিত কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন। এতে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
সড়ক নিরাপত্তায় যেসব সুপারিশ করেছে আরএসএফ
সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ এবং বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। একই সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের ক্ষেত্রে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, পর্যায়ক্রমে মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, গণপরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের সেবার মান উন্নয়ন।
এ ছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরভাবে বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর যানবাহন নজরদারি, জনসচেতনতামূলক প্রচারণা এবং সড়ক নিরাপত্তা শিক্ষার মানোন্নয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন
এদিকে, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত জুলাইয়ে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি চিকিৎসা, বিপদগ্রস্ত অপরিচিত ব্যক্তিকে সহায়তাকারীদের আইনি সুরক্ষা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি বারবার আইন লঙ্ঘনকারীদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখার কথাও বলা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রণীত খসড়াটির লক্ষ্য হলো দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও অবকাঠামোর নিরাপত্তা উন্নয়ন এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা।
সড়কে প্রাণহানি কমাতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়। সরকার, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহনের মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ এবং আইনের কার্যকর প্রয়োগ প্রয়োজন বলে মনে করছে রোড সেফটি ফাউন্ডেশন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন