অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ অঞ্চলে পোশাক রপ্তানি হয়েছে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেনের বাজার থেকে। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি প্রায় স্থবির থাকলেও ফ্রান্সে কমেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল প্রায় ৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এবার তা বেড়ে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রবৃদ্ধির বড় চালিকাশক্তি স্পেন

জুলাই-অক্টোবর সময়ে স্পেনে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

স্পেনে রপ্তানি বেড়েছে ১৭০ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি বেড়েছে ১৭৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার। অর্থাৎ মোট প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেনের বাজার থেকে।

এ সময়ে ২২ দশমিক ৫১ শতাংশ বাজার হিস্যা নিয়ে জার্মানিকে পেছনে ফেলে ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে স্পেন।

জার্মানিতে স্থবিরতা, ফ্রান্সে রপ্তানি কমেছে

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের দীর্ঘদিনের অন্যতম প্রধান পোশাক রপ্তানি গন্তব্য জার্মানিতে প্রবৃদ্ধি প্রায় হয়নি বললেই চলে। দেশটিতে রপ্তানি মাত্র ০ দশমিক ০১ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে জার্মানির বাজার হিস্যা কমে হয়েছে ২২ দশমিক ৩৭ শতাংশ।

অন্যদিকে, ফ্রান্সে রপ্তানি ৭ দশমিক ৮৭ শতাংশ কমে ৬১১ দশমিক ১০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের বাকি বাজারগুলোতেও সম্মিলিতভাবে রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। নেদারল্যান্ডসে রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলার হয়েছে। আর পোল্যান্ডে বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ ৫৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশই গেছে শীর্ষ পাঁচটি গন্তব্যে।

অক্টোবরেও জার্মানি শীর্ষে, স্পেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

শুধু অক্টোবর মাসের হিসাবেও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানিতে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অক্টোবরে ৩১৫ দশমিক ৭২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি নিয়ে জার্মানি শীর্ষ গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, স্পেনে রপ্তানি ১১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২৯৯ দশমিক ২০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ফ্রান্সে এ মাসে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬১ দশমিক ৬৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

এলডিসি উত্তরণ নিয়ে ক্রেতাদের উদ্বেগ

খাতসংশ্লিষ্ট নেতারা মনে করছেন, ইইউতে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও এর পেছনে কয়েকটি বাজারের অবদান বেশি। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে ইউরোপীয় ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে শুরু করায় ভবিষ্যতে রপ্তানি ধরে রাখা কঠিন হতে পারে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপীয় ক্রেতারা পণ্য সংগ্রহের বিকল্প উৎস তৈরি করায় এ অঞ্চলের বাজারে বাংলাদেশ ধীরে ধীরে অবস্থান হারাচ্ছে।

তিনি জানান, ইউরোপীয় ক্রেতারা ভারতে পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছে। তাদের ধারণা, ভারত শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখতে পারবে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে উচ্চ শুল্কের মুখে পড়তে হতে পারে। এ আশঙ্কা ভবিষ্যতে বাংলাদেশের পোশাক খাতে ক্রয়াদেশ কমিয়ে দিতে পারে।

পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ

ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে পণ্যের সীমিত বৈচিত্র্যকেও বড় বাধা হিসেবে দেখছেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।

তিনি বলেন, বাংলাদেশ এখনো মূলত তুলাভিত্তিক পোশাকের ওপর নির্ভরশীল। অথচ চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবারজাত পোশাক উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে তারা ক্রেতাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে পারছে।

এ অবস্থায় বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদন এবং পণ্যের বৈচিত্র্যকরণে আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাণিজ্য চুক্তি ও উৎপাদন ব্যয় বড় চ্যালেঞ্জ

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী শোভন ইসলাম মনে করেন, ইউরোপীয় বাজারে অবস্থান ধরে রাখতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ইইউর কঠোর যাচাই-বাছাই এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা-সংক্রান্ত শর্ত পূরণের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, এলডিসি-পরবর্তী বাজার সুবিধা নিয়ে অনিশ্চয়তা ইউরোপীয় ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে উৎসাহিত করতে পারে। এর পাশাপাশি ঋণের উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য দেশের পোশাক উৎপাদনকারীদের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করছে।

সব মিলিয়ে স্পেন ও নেদারল্যান্ডসের বাজারে রপ্তানি বৃদ্ধি বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও জার্মানিতে স্থবিরতা এবং ফ্রান্সসহ অন্যান্য বাজারে রপ্তানি কমে যাওয়ায় ইউরোপে পোশাক খাতের পুনরুদ্ধার এখনো নাজুক। এ প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যের বৈচিত্র্যকরণ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বাণিজ্য সুবিধা নিশ্চিত করা এবং ইইউর নতুন শর্ত পূরণে প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন খাতসংশ্লিষ্ট নেতারা।