বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ৮(১) ধারা অনুসারে জিয়াউদ্দিন শিকদার জিয়াকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।

তবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হন জিয়া

জিয়াউদ্দিন শিকদার জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা ও প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় থাকার বিষয়গুলো তাঁর নিয়োগের ক্ষেত্রে আলোচনায় এসেছে।

বরিশালকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জিয়াউদ্দিন শিকদার জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

জিয়া বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হননি।

নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।