ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে অনুভূত এ কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভূমিকম্পে বিমানবন্দরের জানালার কাচ ভাঙল

ভূমিকম্পের কম্পনে রামন বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। নিরাপত্তা ও অবকাঠামোর অবস্থা পরীক্ষা করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। তবে ভূমিকম্পে অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল

এদিকে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির স্বরাষ্ট্র প্রতিরক্ষা কমান্ড ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করেছে।

এ উপলক্ষে উদ্ধার অভিযান পরিচালনা, প্রশিক্ষণ কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করাই এসব উদ্যোগের লক্ষ্য।