জাফরান চাষের কথা উঠলেই সাধারণত কাশ্মীরের কথা মনে আসে। তবে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এক দম্পতি প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। মাটির পরিবর্তে ইনডোর অ্যারোপনিক্স পদ্ধতি ব্যবহার করে মাত্র ৪০০ বর্গফুটের ঘরে জাফরান চাষ করে বাণিজ্যিক সাফল্য পেয়েছেন অক্ষয় হোলি ও দিব্যা লোহাকারে হোলি। পাঁচ বছরে প্রায় ৫৫ লাখ রুপি বিনিয়োগ করে তাঁদের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ রুপিতে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁদের বার্ষিক আয় প্রায় ৪০ থেকে ৫০ লাখ রুপি। নিয়ন্ত্রিত পরিবেশে জাফরান উৎপাদনের এই উদ্যোগ দেখিয়েছে, প্রচলিত কৃষি অঞ্চলের বাইরেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষের সুযোগ রয়েছে।

যেভাবে শুরু জাফরান চাষের উদ্যোগ

২০২০ সালে বিবিএ স্নাতক অক্ষয় এবং ব্যাংক কর্মকর্তা দিব্যা নাগপুরের লোকসেবা নগর এলাকার ছাদে ৮০ বর্গফুটের একটি উল্লম্ব অ্যারোপনিক্স ইউনিট দিয়ে পরীক্ষামূলকভাবে জাফরান চাষ শুরু করেন।

তবে উদ্যোগ শুরুর আগে তাঁরা প্রায় দুই বছর ধরে প্রস্তুতি নেন। এ সময় কাশ্মীরে গিয়ে প্রায় সাড়ে তিন মাস প্রচলিত পদ্ধতিতে জাফরান চাষের বিভিন্ন বিষয় শেখেন।

অক্ষয় জানান, ভারতে জাফরানের চাহিদা অনেক বেশি হলেও উৎপাদন তুলনামূলক কম। একই সঙ্গে এটি অত্যন্ত মূল্যবান মসলা। এসব বিষয় বিবেচনা করেই তাঁরা জাফরান চাষের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মাটিবিহীন প্রযুক্তিতে নাগপুরে জাফরান চাষ

অ্যারোপনিক্স হলো এমন একটি মাটিবিহীন চাষপদ্ধতি, যেখানে গাছের শিকড়ে সূক্ষ্ম কুয়াশা বা বাষ্পের মতো স্প্রে করে পানি ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হয়। এতে মাটির প্রয়োজন হয় না। নিয়ন্ত্রিত পরিবেশে তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রেখে ফসল উৎপাদন করা যায়।

নাগপুরে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি থাকলেও ইনডোর ইউনিটে পরিবেশ নিয়ন্ত্রণ করে জাফরান চাষের উপযোগী পরিস্থিতি তৈরি করেন এই দম্পতি। তাঁদের উৎপাদন ইউনিটে কাশ্মীরের আবহাওয়ার কাছাকাছি পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়।

প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জাফরান সংগ্রহের মৌসুম চলে। বছরের বাকি সময় বীজের পরিচর্যা ও বৃদ্ধির কাজে ব্যয় করেন তাঁরা।

কয়েক গ্রাম থেকে উৎপাদন ১ হাজার ৬০০ গ্রাম

শুরুতে ১ কেজি ওজনের ১০০টি জাফরান বীজ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে কয়েক গ্রাম জাফরান উৎপাদন করেন তাঁরা। ধীরে ধীরে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে প্রায় ৩৫০ কেজি বীজে পৌঁছান। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৬০০ গ্রাম জাফরান উৎপাদন সম্ভব হয়।

বর্তমানে হিংনার একটি ফ্ল্যাটসহ দুটি স্থানে তাঁদের মোট ৪৮০ বর্গমিটারের চাষ ইউনিট রয়েছে। গত বছর তাঁদের যৌথ উৎপাদন ৪৫ কেজিতে পৌঁছায়।

প্রতি গ্রাম জাফরান বিক্রি ৬৩০ রুপিতে

কাশ্মীর স্যাফ্রন ইনস্টিটিউট থেকে গ্রেডিং পাওয়ার পর তাঁদের উৎপাদিত জাফরান প্রতি গ্রাম প্রায় ৬৩০ রুপিতে বিক্রি হয়। সে হিসাবে প্রতি কেজি জাফরানের দাম দাঁড়ায় প্রায় ৬ লাখ ৩০ হাজার রুপি।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরে তাঁদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৫৫ লাখ রুপি। এই উদ্যোগ থেকে মোট আয় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ রুপি। বর্তমানে বছরে ৪০ থেকে ৫০ লাখ রুপি আয়ের সুযোগ তৈরি হয়েছে তাঁদের।

সৌরবিদ্যুৎ ব্যবহারে কমছে উৎপাদন খরচ

জাফরান চাষের ইনডোর ইউনিট পরিচালনায় তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। এ জন্য বিদ্যুতের প্রয়োজন হলেও সৌরবিদ্যুৎ ব্যবহারের কারণে তাঁদের বিদ্যুৎ খরচ তুলনামূলক কম থাকে।

অন্যদিকে, মাটির প্রয়োজন না হওয়ায় প্রচলিত চাষের মতো সার ও অতিরিক্ত শ্রমিকের খরচও কমে যায়। ফলে সীমিত জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অক্ষয়ের হিসাবে, ১০০ বর্গফুটের একটি ছোট অ্যারোপনিক্স ইউনিট স্থাপন করতে প্রায় ১০ লাখ রুপি খরচ হতে পারে। এ ধরনের ইউনিট থেকে বছরে প্রায় ৫ লাখ রুপির জাফরান উৎপাদন সম্ভব। তাঁর দাবি, এই ব্যবসায় লাভের অনুপাত প্রায় ৮০ শতাংশ।

নাগপুরের এই দম্পতির উদ্যোগ প্রমাণ করেছে, আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে প্রচলিত চাষের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। তবে এ ধরনের উদ্যোগ শুরু করার আগে প্রযুক্তিগত জ্ঞান, বাজারের চাহিদা, উৎপাদন খরচ এবং বিক্রির সুযোগ ভালোভাবে যাচাই করা জরুরি।