ভুয়া আদালতের আদেশ ব্যবহার করে ভারতে ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে জারি করা জাল আদেশের ভিত্তিতে দেশটির টেলিযোগাযোগ বিভাগ দুই দফায় এসব ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বিষয়টি প্রকাশ্যে আসার পর অন্তত একটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বুধবার (১১ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আদালতের নামে জাল আদেশ তৈরি

রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে তৈরি দুটি আদেশই ছিল সম্পূর্ণ জাল। এসব নথিতে আদালতের সিল, ভারতের জাতীয় প্রতীক এবং ভুয়া কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট আদালতের নথিপত্রে ওই আদেশগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর দুই দফায় এসব জাল আদেশের ভিত্তিতে ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস) প্রথম আদেশে ৩৪টি এবং দ্বিতীয় আদেশে ৯৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করতে বলে। সব মিলিয়ে ১২৯টি ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রয়টার্সের অনুসন্ধানের পর তদন্ত শুরু

রয়টার্সের অনুসন্ধানে জাল আদেশের বিষয়টি সামনে আসার পর গত ৬ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে, রাজস্থান হাইকোর্টও তাদের নামে প্রচারিত আদেশটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে। আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ধরনের কোনো নির্দেশনা আদালতের নথিতে নেই।

ঘটনাটি ভারতের সরকারি দপ্তরে আদালতের নামে জাল নথি ব্যবহার করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রভাবিত করার বিষয়টি সামনে এনেছে। তবে এই জালিয়াতির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওয়েবসাইটগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, তা তদন্তের মাধ্যমে জানা যেতে পারে।