যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে তিনি জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর প্রথমবারের মতো অঙ্গরাজ্যটি একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেতে যাচ্ছে। খবর রয়টার্সের।

মিসিসিপির ইতিহাসে সর্বশেষ কৃষ্ণাঙ্গ সিনেটর ছিলেন ব্লাঞ্চ ব্রুস। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে নির্বাচিত এই সাবেক দাস ১৮৭৫ থেকে ১৮৮১ সাল পর্যন্ত সিনেটের সদস্য ছিলেন। দীর্ঘ ১৫২ বছর পর স্কট কোলমের জয় অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করেছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের এই জয়কে বড় ধরনের অঘটন হিসেবে দেখা হচ্ছে। ৪৩ বছর বয়সী কোলম পেশায় একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। তিনি ১৯৮২ সালের পর মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট। তাঁর প্রতিদ্বন্দ্বী ৬৭ বছর বয়সী হাইড-স্মিথ ২০১৮ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন।

ভোট গণনায় এক সপ্তাহের বেশি সময় লাগায় ফল জানতে অপেক্ষা করতে হয়েছে। একপর্যায়ে দুই প্রার্থীর ব্যবধান ছিল মাত্র কয়েক ডজন ভোট। সর্বশেষ গণনায় কোলম ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে যান। সংবাদমাধ্যমগুলোর হিসাবে দুই প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট। অ্যাসোসিয়েটেড প্রেস ১১ নভেম্বর কোলমকে বিজয়ী ঘোষণা করে।

কোলমের এই জয় ডেমোক্র্যাটদের জন্য আরও বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার নির্বাচনের শেষ দিকে হাইড-স্মিথের পক্ষে প্রচার চালিয়েও ট্রাম্প তাঁকে জয়ী করতে পারেননি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেছিলেন, ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে মিসিসিপির ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াকে তিনি ভোটারদের ক্ষোভের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

নির্বাচনী প্রচারে জনসভা, সরকারি আবাসন প্রকল্প, উৎসব এবং খাবারের গাড়ির কাছে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন কোলম। তাঁর ভাষায়, তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছানোর পথেই তাঁরা এগিয়েছেন। এদিকে ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ফেডারেল জেলা আদালতের বিচারক পদে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে তাঁর অবস্থানের কথা উল্লেখ করে সেই মনোনয়ন আটকে দিয়েছিলেন হাইড-স্মিথ।