তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি বাস্তবায়নের কথা ভাবছে মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানিয়েছেন, চলতি নভেম্বরেই কার্যক্রম শুরু হতে পারে। সম্ভাব্য শুরুর তারিখ ২০ নভেম্বর শুক্রবার।
শ্রমিকদের কাছে চাল পৌঁছে দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাক ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রি করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য সরকারি গুদামের বিদ্যমান মজুত থেকেই চাল সরবরাহ করা সম্ভব। তবে কর্মসূচি পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে অতিরিক্ত অর্থ প্রয়োজন। এ জন্য ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।
সরকার সাধারণত নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে থাকে। যাঁরা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পান না, তাঁদের জন্য খোলা ট্রাক বা ওএমএসের দোকান থেকে খাদ্যপণ্য কেনার সুযোগ রয়েছে। এবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আলাদা কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে তাঁদের নিত্যদিনের খাদ্য ব্যয়ের চাপ কিছুটা কমে।
তবে এই উদ্যোগ নিয়ে শ্রমিকপক্ষের আপত্তিও রয়েছে। নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার মনে করেন, ছুটির দিনে চালের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো শ্রমিকদের জন্য সম্মানজনক সমাধান নয়। তাঁর মতে, কারখানার গেট থেকেই চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে সরবরাহ করা উচিত। এদিকে ম্যাপড ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে ৩ হাজার ৩২০টি পোশাক কারখানায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের ৫৭ শতাংশ নারী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন