সাময়িক বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে এই সেবা বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত করে অল্প সময়ের মধ্যেই লেনদেন চালু করা হয়।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৬ মিনিটে আরটিজিএস লেনদেন বন্ধ থাকার বিষয়টি জানায়। এতে ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

এর মাত্র ছয় মিনিট পর, সকাল ১১টা ২ মিনিটে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোর ব্যাংকিং সিস্টেমের কারিগরি সমস্যা সমাধান করা হয়েছে। ফলে পুনরায় স্বাভাবিক হয়েছে আরটিজিএস লেনদেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতক্ষণ এই সেবা বন্ধ ছিল, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ পাঠানো যায়।

বড় ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজে আরটিজিএস ব্যবহৃত হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয় বলে ব্যাংকিং খাতে এ ব্যবস্থার গুরুত্ব অনেক। সাময়িক কারিগরি জটিলতা কাটিয়ে সেবা চালু হওয়ায় এখন আবার এই ব্যবস্থায় অর্থ স্থানান্তর করা যাচ্ছে।