ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন ডিজিটাল ঋণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

এ কর্মসূচি বাস্তবায়নে ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। পরে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুনভাবে সাজিয়ে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে চলবে। অর্থাৎ ঋণের টাকা আদায় হলে সেই অর্থ আবার নতুন গ্রাহকদের ঋণ দিতে ব্যবহার করা যাবে। কর্মসূচির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম এলাকার বাসিন্দা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রান্তিক নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও কর্মসূচির আওতায় ঋণ নিতে পারবেন। ঋণের আবেদন, বিতরণ থেকে শুরু করে কিস্তি পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

এ জন্য ব্যাংকগুলোকে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। তবে ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ গ্রহণের যোগ্যতা যাচাই করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য পর্যালোচনা করতে হবে।

ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক পুনঃ অর্থায়ন সুবিধা নিতে ভুল বা মিথ্যা তথ্য দিলে কিংবা নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত সুদ বা মুনাফা আদায় করা হবে। এ ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে ২ শতাংশ বেশি হারে অতিরিক্ত অর্থসহ বকেয়া এককালীন আদায় করা হতে পারে। ঋণ অনুমোদনের আগে গ্রাহককে ঋণের পরিমাণ, সুদের হার, মোট পরিশোধযোগ্য অর্থ, কিস্তির সময়সূচি এবং পরিশোধে ব্যর্থ হলে সম্ভাব্য পরিণতি সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।