পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও নৈতিক-সাংস্কৃতিক বিকাশের সুযোগ তৈরি করতে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন মৌলভীহাটস্থ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-মানারাত ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজন করেছে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক শিক্ষা সফর-২০২৬।

একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়। এমন লক্ষ্য সামনে রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ২০২৪ সাল থেকে সুনামের সঙ্গে পাঠদান করে আসছে পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-মানারাত ইন্টারন্যাশনাল একাডেমি।

বৃহস্পতিবার (১২নভেম্বর) সকালে মাদ্রাসা ক্যাম্পাস থেকে বাসযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে বার্ষিক শিক্ষা সফরের যাত্রা শুরু হয়। প্রথমে পল্লী বিদ্যুৎ সংলগ্ন টার্ফজোনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

পরে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সবাই রওনা হন নাহার পার্কে। সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। মধ্যাহ্নভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দিনব্যাপী এ শিক্ষা সফর।

এ আয়োজনকে ঘিরে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।