শুধু ব্যক্তিগত সাফল্য নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই হওয়া উচিত শিক্ষার্থীদের অর্জনের মূল লক্ষ্য। উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের প্রতি নতুন দায়িত্ব নেওয়ার উপলক্ষ। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার শিক্ষা কখনো শেষ হয় না। তাই শিক্ষার্থীদের নিয়মিত নতুন কিছু শেখা এবং সততা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ ধরে রাখার পরামর্শ দেন তিনি।
পরিবর্তনশীল কর্মজগতের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের ওপর জোর দেন রাষ্ট্রপতি। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসের অগ্রগতিতে কর্মক্ষেত্রের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ফলে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে।
উচ্চশিক্ষার মান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু প্রতিষ্ঠানের সংখ্যা বা ডিগ্রিধারীর পরিসংখ্যানে নির্ধারিত হয় না। মানসম্মত শিক্ষা, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, ব্যবহারিক জ্ঞান এবং কর্মসংস্থানের সুযোগই হওয়া উচিত সাফল্যের মাপকাঠি। শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তব্যে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থায় অনিয়ম এবং মান যাচাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার সমালোচনাও করেন রাষ্ট্রপতি। তাঁর ভাষ্য, মানহীন প্রতিষ্ঠানের কারণে অনেক তরুণ উচ্চশিক্ষার সনদ নিয়েও কর্মসংস্থানের সংকটে পড়েছেন। এ পরিস্থিতি কাটাতে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয়, শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
প্রযুক্তির ব্যবহারেও নৈতিকতা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রযুক্তি যত উন্নত হোক, মানুষের বিবেক, সততা ও সহমর্মিতার বিকল্প হতে পারে না। দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকে বিশ্বজ্ঞান গ্রহণের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বে জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আইনুন নিশাত।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন