মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের কারণে শিক্ষক-কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইন আবেদনের সময় বাড়িয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানরা ১০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
রোববার (৮ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় আবেদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদরাসার প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১২ নভেম্বর পর্যন্ত আবেদনগুলো অনলাইনে অগ্রায়ন করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
নোটিশে আরও বলা হয়েছে, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নে কোনো সমস্যা দেখা দিলে সফটওয়্যারে নিবন্ধিত ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন