দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের সম্ভাব্য ছুটির তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এ তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে। রমজান, দুই ঈদ, দুর্গাপূজা, শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে এসব ছুটি নির্ধারণ করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী বছর সবচেয়ে বেশি ছুটি থাকবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। বছরের শেষ দিকে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১১ দিন ছুটি রাখা হয়েছে।

খসড়া ছুটির তালিকায় বছরের বিভিন্ন সময়ে ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষে আরও ছুটি রাখা হয়েছে। মাস অনুযায়ী সম্ভাব্য ছুটিগুলো হলো-

জানুয়ারি: ৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

ফেব্রুয়ারি: ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে দীর্ঘ ছুটি থাকবে। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা এবং ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত রয়েছে।

মার্চ: ২ মার্চ নয়, ২২ মার্চ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। এ ছাড়া ৫ মার্চ জামাতুল বিদা, ৬ মার্চ শ্রী শ্রী শিবরাত্রি, ৭ মার্চ শবে কদর এবং ১০ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ছুটি রয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিল: ৪ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি।

মে: ১ মে মে দিবস শনিবার হওয়ায় আলাদা ছুটি রাখা হয়নি। ১৬ থেকে ২৭ মে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকবে। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমা রয়েছে।

জুন: ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি।

জুলাই: ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে এক দিন করে ছুটি।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি।

সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি।

অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট তিন দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

ডিসেম্বর: ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি থাকবে। তবে তালিকাটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।