দক্ষিণ আমেরিকার ছোট্ট একটি দেশ গায়ানা। দেশটির নাম হয়তো অনেকেরই অজানা, তবে এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ, পৃথিবীর বুকে এটিই একমাত্র দেশ, যারা নিজেদের প্রয়োজনীয় সব খাবার নিজেরাই উৎপাদন করে থাকে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় ১৮৬টি দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণ করা হয়েছে। সেই গবেষণার ফলাফলে দেখা গেছে, ৭টি প্রধান খাদ্যগোষ্ঠীর সব কটিতেই কেবল গায়ানা নিজস্ব উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এই সাতটি প্রধান খাদ্য হলো-ফলমূল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাবার, মাছ, মাংস, ডাল-বাদাম-বীজ এবং শর্করা বা শ্বেতসারজাতীয় প্রধান খাদ্য (যেমন চাল, আলু ইত্যাদি)।

গায়ানার স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনের কারণ

গায়ানার এই সফলতার পেছনে রয়েছে চমৎকার কিছু প্রাকৃতিক ও কৌশলগত কারণ। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছর উষ্ণ আবহাওয়া ও প্রচুর বৃষ্টিপাত হয়। এখানকার মাটিও অত্যন্ত উর্বর, যা নানা জাতের ফসল ফলানোর জন্য দারুণ উপযোগী।

এ ছাড়া গায়ানার কৃষকেরা মিশ্র চাষপদ্ধতি ব্যবহার করেন, যেখানে একই জমিতে একসঙ্গে একাধিক ফসলের চাষ করা হয়। যেমন-নারকেলবাগানের ফাঁকে আনারস বা টমেটো এবং ভুট্টার সঙ্গে সয়াবিন চাষ। এর ফলে জমির উর্বরতা ও ফসলের উৎপাদন দুটোই বহুগুণ বেড়ে যায়। দেশটিতে পশুপালন ও ফসল চাষ একসঙ্গে করা হয়, যা বিজ্ঞানের ভাষায় ‘রিজেনারেটিভ অ্যাগ্রিকালচার’ বা পুনরুৎপাদনশীল কৃষি নামে পরিচিত। সবচেয়ে বড় বিষয় হলো, গায়ানার মোট জনসংখ্যা মাত্র ৮ লাখের কাছাকাছি হওয়ায় সীমিত খাদ্য উৎপাদন দিয়েই পুরো দেশের চাহিদা মেটানো সম্ভব হয়।

অন্যান্য দেশ কেন নিজেদের সব খাবার উৎপাদন করতে পারে না?

পৃথিবীর বেশির ভাগ দেশ নিজেদের সব খাবার নিজেরা উৎপাদন করতে পারে না, যার পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ:

১. জলবায়ু ও মাটির ভিন্নতা:

সব দেশের জলবায়ু বা মাটি এক রকম নয়। কোথাও রয়েছে বরফাবৃত ঠান্ডা পরিবেশ, কোথাও আবার শুষ্ক মরুভূমি।

২. কৃষিজমির সংকট:

অনেক দেশের আয়তনের তুলনায় চাষযোগ্য জমি কম। তার ওপর নগরায়ন ও শিল্পায়নের কারণে আবাদি জমি দিন দিন কমে যাচ্ছে।

৩. অতিরিক্ত জনসংখ্যা:

অনেক দেশের জনসংখ্যা প্রয়োজনের তুলনায় এত বেশি যে, মোট খাদ্য উৎপাদন দিয়ে সেই জনগোষ্ঠীর চাহিদা মেটানো সম্ভব হয় না। ফলে আমদানি করতে বাধ্য হয়।

৪. বৈশ্বিক বাণিজ্য নীতি: কিছু দেশ নির্দিষ্ট কোনো ফসল উৎপাদনে দক্ষ হওয়ায় তা বেশি করে উৎপাদন করে বিদেশে রপ্তানি করে এবং কম খরচে অন্য দেশ থেকে বাকি খাবার আমদানি করে। এটি আধুনিক বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।