পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী ও শিশুসহ ১৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (মনসা মুন্সির বাড়ি) এলাকা থেকে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা চার চাকার মাহিন্দ্রাযোগে চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিলেন। সেখানে এক আত্মীয়ের বাড়িতে আকিকার অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে পটিয়া মডেল মসজিদের সামনে গাড়িটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৫ জনের বেশি যাত্রী আহত হন। আহতরা হলেন: সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেয়সা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০), ইরফান (১৮)সহ আরও কয়েকজন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন