কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সকালে পুলিশ সুপার আমিনুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, অগ্নিকাণ্ডের মূল রহস্য দ্রুত উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দাদের কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে। এতে টিনশেড বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। পাশাপাশি আগুনে দুটি ছাগল ও ৫০ থেকে ৬০টি মুরগি মারা যায়। তবে পরিবারের কোনো সদস্য হতাহত হননি।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ জানান নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ একই পোস্টে তিনি আরও বলেন, আগুনের মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। এমন পরিস্থিতিতেও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁর ধারণা, বাড়ির পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করেই আগুন লাগানো হয়েছে।
নুসরাত তাবাসসুম আরও জানান, কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তাই তিনি ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন। তবে তাঁর এই অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে পুলিশ বলছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে রাত ১২টা ১০ মিনিটের দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরটি মূলত গরু রাখার স্টোরজাতীয় একটি কক্ষ ছিল। ঘটনাটির প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন