কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার মধ্যে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকা থেকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ৩টায় টেকনাফে বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
হ্নীলা সীমান্তে গুলিবিনিময়, উদ্ধার ৮ লাখ ৯০ হাজার ইয়াবা
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে সাত-আটজন মাদককারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেয়।
পরে তারা বস্তাগুলো নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার অপেক্ষা করছিল। এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদককারবারিরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসিয়ে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় মাদককারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
পালংখালী ও হোয়াইক্যংয়ে আটক ২, উদ্ধার ১ লাখ ৪ হাজার ইয়াবা
বিজিবি আরও জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এর আগে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সব মিলিয়ে তিনটি পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: বিজিবি
সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত এক কোটি ৮৯ লাখ ৮৮ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি ২৪৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
সীমান্তে সক্রিয় মাদককারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন