মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জেরে ফিনলে টি কোম্পানির খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বাগানের কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত নোটিশে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলীও বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানির নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারও তারা কাজে যোগ দেননি। বরং ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা ও সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে আনার অভিযোগ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, এসব ঘটনায় বাগানজুড়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩(১) ধারা অনুসারে বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী, বন্ধ চলাকালে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

তবে জরুরি সেবা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি বিভাগ বন্ধের আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোর, বাগাল, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগ। এসব স্থানে কর্মরত স্থায়ী শ্রমিকরা দায়িত্ব পালন করতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিনস্টন চা বাগানের ভেতরে অনুমতি ছাড়াই একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। শ্রমিকদের এই উদ্যোগে বাধা দেন বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবির। এরপর তার প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

বিরোধ নিরসনে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে যৌথ বৈঠক হয়। সেখানে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু নির্ধারিত সময়ে সেই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় শ্রমিকদের অসন্তোষ আবারও বাড়ে। পরে কর্মবিরতি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নতুন করে দেখা দেয়।

বাগান বন্ধের সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকলে তাদের আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ অবস্থায় স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে বাগানের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।