তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়ামের উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির আন্তালিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা অংশ নেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে জাদুঘরটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজেও অংশ নেন জুবাইদা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর পরিচিতি ও কুশল বিনিময় হয়। পুরো আয়োজনটি ছিল পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনকে কেন্দ্র করে।
জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষার নানা পদ্ধতি তুলে ধরা হয়েছে। ব্যবহৃত সামগ্রী নতুনভাবে কাজে লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তুরস্কে জিরো ওয়েস্ট আন্দোলনের সূচনা হয় ২০১৭ সালে। দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহারের সুযোগ বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর এই সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। সফরের শেষ দিনের জাদুঘর উদ্বোধন ছিল তাঁর উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর একটি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন