একসময় রাস্তাঘাটে খুব সহজেই সিম কার্ড কিনতে পাওয়া গেলেও এখন নিয়মকানুন বেশ কড়াকড়ি করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির (NID) নম্বর এবং বায়োমেট্রিক বা দুই হাতের আঙুলের ছাপ যাচাই করেই এখন কেবল সিম কেনা যায়।
তবে নিজের কিংবা পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, সে বিষয়ে অনেকেই সচেতন নন। অনেক সময় আমাদের অজান্তেই অন্য কারো নামে আমাদের এনআইডিতে বাড়তি সিম নিবন্ধিত থাকতে পারে, যা থেকে বড় ধরনের আইনি ঝামেলা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের ঝামেলা এড়াতে ঘরে বসে নিজের হাতের মোবাইল ফোন ব্যবহার করেই খুব সহজে জেনে নিতে পারেন আপনার এনআইডিতে কয়টি সিম সচল আছে।
সিম রেজিস্ট্রেশনের নিয়ম ও সীমা
আপনার ব্যবহৃত মোবাইল সিমটি আপনার নামে নিবন্ধিত করার প্রক্রিয়াই হলো সিম রেজিস্ট্রেশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী, একজন নাগরিক প্রিপেইড ও পোস্টপেইড মিলিয়ে তার এনআইডি দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার এনআইডিতে যদি ১০টির বেশি সিম থাকে, তবে অতিরিক্ত সিমগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ডিরেজিস্ট্রেশন বা বন্ধ করতে হবে; অন্যথায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও সিম কেনা যায়, তবে এগুলোর মেয়াদ সাধারণত ৬ মাসের বেশি থাকে না। প্রবাসী কেউ দেশে এসে এই নিয়মে সিম কিনতে পারলেও পরে এনআইডি হাতে পেলে অবশ্যই সিমটি রিরেজিস্ট্রেশন করে নিতে হবে।
আপনার এনআইডিতে কয়টি সিম আছে তা জানার উপায়
আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্য কেউ সিম কিনে অপরাধমূলক কর্মকাণ্ড করলে আইনি বিপদে আপনিও পড়তে পারেন। তাই নিয়মিত সিমের সংখ্যা চেক করা জরুরি। যেকোনো বাটন ফোন, থ্রিজি, ফোরজি বা স্মার্টফোন-সব মাধ্যমেই এটি সম্পূর্ণ বিনা খরচে চেক করা যাবে।
নিয়মটি নিচে দেওয়া হলো:
১. প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান।
২. ডায়াল প্যাডে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
৩. স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে, যেখানে আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা দিতে বলা হবে। সেখানে জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট লিখে ‘Send’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ফিরতি মেসেজের (SMS) জন্য অপেক্ষা করুন।
৫. ফিরতি মেসেজে আপনার এনআইডি নম্বরে মোট কয়টি সিম রেজিস্টার্ড করা আছে, তা বিস্তারিত লেখা থাকবে। একইসঙ্গে কোন অপারেটরের কোন নম্বর, তার আংশিক অংশও আপনি দেখতে পাবেন।
এই সহজ প্রক্রিয়ায় আপনি সহজেই নিশ্চিত হতে পারবেন আপনার এনআইডিতে কোনো অজানা বা অবৈধ সিম নিবন্ধিত আছে কি না।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন