সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচার নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়কার অবস্থানের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি শেখ হাসিনার দেশত্যাগ, পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন।

রিজভী বলেন, ২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। এখন তিনি দেশে ফেরার কথা বলছেন। পাশাপাশি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টিও আলোচনায় এসেছে। অথচ কীভাবে তিনি দেশ ছেড়ে গেছেন, তা সবার জানা। তিনি পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিতে গিয়ে তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তিদের বক্তব্য প্রচার করা যায় না। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে সেই যুক্তি কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রিজভী আরও বলেন, জনগণের চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে যাওয়া একজন ব্যক্তির ক্ষেত্রে এখন কী যুক্তি দেওয়া হবে, সেটি পরিষ্কার হওয়া প্রয়োজন। তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শারীরিক নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা ও হয়রানি করা হয়েছে।

বর্তমান সরকারের প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেশে অতীতের মতো ‘আমিডামির নির্বাচন’ কিংবা ‘মিডনাইট নির্বাচন’ হয়নি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনীতে শিক্ষার্থীরা অতিথিদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রদর্শনীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের উপযোগী পানির বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা যাবে।

এ ছাড়া এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা ‘এম টু এম এগ্রোনা’ প্রকল্প প্রদর্শন করেন। এর মাধ্যমে ঘরে বসেই জমির সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ‘অ্যারোস্ট্রাইকার’ নামের একটি ড্রোন প্রদর্শন করেন। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ উপস্থাপন করেন একটি মিসাইলভিত্তিক প্রকল্প।