বয়স বাড়লেই যে কর্মক্ষমতা কমে যাবে, এমন ধারণাকে ভুল প্রমাণ করছেন জাপানের অনেক প্রবীণ মানুষ। সুস্থ বার্ধক্যের উদাহরণ তৈরি করে তাঁরা দেখাচ্ছেন, নিয়মিত শরীরচর্চা, ইতিবাচক মানসিকতা এবং জীবনের প্রতি আগ্রহ ধরে রাখলে বেশি বয়সেও সক্রিয় থাকা সম্ভব। বিশ্বের অন্যতম প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে শতবর্ষী মানুষের এমন অসাধারণ জীবনযাপন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।

জাপানের মিয়েকো নাগাওকা ৮০ বছর বয়সে হাঁটুর চোট থেকে সুস্থ হতে সাঁতার শুরু করেন। পরে ১০০ বছর বয়সে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন এবং ২৫ মিটার পুলে ১ হাজার ৫০০ মিটার সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েন। ১০৫ বছর বয়সেও তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন এবং তাঁর নামে ছিল ১৮টি বিশ্ব রেকর্ড। অন্যদিকে, ১০৮ বছর বয়সে মারা যাওয়া হিদেকিচি মিয়াজাকি ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তাঁদের জীবন প্রমাণ করে, বয়স বাড়লেও নতুন লক্ষ্য অর্জনের আগ্রহ হারিয়ে ফেলতে হয় না।

জাপানের আরেক অনুপ্রেরণাদায়ক ব্যক্তি ইউইচিরো মিউরা। ৭০ বছর বয়সে তিনি এভারেস্ট জয় করে বিশ্বের সবচেয়ে বয়স্ক পর্বতারোহী হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে ৭৫ ও ৮০ বছর বয়সেও এভারেস্ট জয় করেন। ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত আকনকাগুয়া অভিযানে চিকিৎসকের পরামর্শে তাঁকে থামতে হয়েছিল। ঝুঁকি না নিয়ে তিনি চিকিৎসকের নির্দেশ মেনে নেন, কারণ ভবিষ্যতে আবার অভিযানে যাওয়ার আশা ছিল তাঁর। এসব উদাহরণ দেখায়, সুস্থ বার্ধক্যের জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি নিজের সীমাবদ্ধতা বোঝাও জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বেশি বয়সেও পেশির শক্তি বাড়ানো সম্ভব। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, স্ট্রেচিং এবং সাঁতারের মতো কার্যক্রম শরীরের পাশাপাশি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও সহায়তা করতে পারে। জাপানের কেইও স্পোর্টস মেডিসিন রিসার্চ সেন্টারের সহযোগী অধ্যাপক ইউকো ওগুমা মনে করেন, শারীরিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগও গুরুত্বপূর্ণ। বন্ধু, প্রতিবেশী ও সমবয়সীদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া প্রবীণদের মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জাপানে শুধু খেলাধুলা নয়, প্রবীণদের মধ্যে গান, নাচ, ছবি তোলা, সেলাই, ফুল সাজানো ও বিভিন্ন শখের কাজেও আগ্রহ দেখা যায়। ৯০ বছর বয়সী কিমিকো নিশিমোতো তারই একটি উদাহরণ। ছবি তোলার প্রতি আগ্রহ থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখ ২০ হাজারের বেশি। অন্যদিকে, জাপানের সরকারি প্রতিবেদনে দেখা যায়, ৬০ থেকে ৬৯ বছর বয়সীদের প্রায় ৭০ শতাংশ এবং ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৫০ শতাংশ কর্মসংস্থান, স্বেচ্ছাসেবা, সামাজিক কর্মকাণ্ড কিংবা শখের কাজে যুক্ত ছিলেন। এসব কার্যক্রম তাঁদের সক্রিয় জীবনযাপনে সহায়তা করে।

জাতিসংঘের ২০১৯ সালের জনসংখ্যা পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বিশ্বে ৮০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১৪ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৪২ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। তাই প্রবীণদের জন্য উন্নত চিকিৎসা, সামাজিক নিরাপত্তা এবং মানসিক সুস্থতার সুযোগ নিশ্চিত করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জাপানের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, সুস্থ বার্ধক্যের জন্য শুধু স্বাস্থ্যকর খাবার নয়, নিয়মিত শরীরচর্চা, সামাজিক সম্পর্ক, নিজের পছন্দের কাজে যুক্ত থাকা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও প্রয়োজন। তবে বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়াম বেছে নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।