একটি সম্পর্ক যখন অনেক দিনের পুরনো হয়ে যায়, তখন সেটি নিয়ে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। পাঁচ, সাত কিংবা ১০ বছর একসঙ্গে কাটানোর পর যদি মনে হয় সম্পর্কে আর আগের মতো স্বস্তি বা আনন্দ নেই, তবুও চাইলেই তা থেকে সহজে বেরিয়ে আসা যায় না। মনের ভেতর কেবলই প্রশ্ন জাগে-এত বছরের পথচলা কি এত সহজেই শেষ করে দেওয়া সম্ভব?

দীর্ঘদিনের সম্পর্কে শুধু ভালোবাসা নয়, আরও অনেক কিছু জড়িয়ে যায়। সেখানে থাকে অসংখ্য স্মৃতি, যৌথ অভ্যাস, পরিবার ও বন্ধুদের সঙ্গে নিবিড় পরিচয় এবং ভবিষ্যৎ নিয়ে করা নানা যৌথ পরিকল্পনা। তাই এমন সম্পর্ক থেকে সরে আসার কথা ভাবলে মনে হয় জীবনের একটা বড় অংশকেই বুঝি মুছে ফেলতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো-একটি সম্পর্ক অনেক বছরের পুরোনো, কেবল এই একটি কারণেই কি সেখানে থেকে যাওয়া উচিত?

‘এত বছর দিয়েছি’ ভাবনা ও সাঙ্ক কস্ট

ধরুন, কেউ ছয় বছর ধরে একটি সম্পর্কে আছেন। প্রথম কয়েক বছর বেশ ভালো কাটলেও এখন নিয়মিত ঝগড়া হচ্ছে, একজন আরেকজনের অনুভূতি বুঝতে চাইছেন না এবং ভবিষ্যতের লক্ষ্যও আলাদা হয়ে গেছে। তবুও সম্পর্ক ভাঙার কথা ভাবলেই মনে হয়, "জীবন থেকে ছয়টি বছর দিয়ে দিলাম, এখন ছেড়ে দিলে তো সব নষ্ট হয়ে যাবে!"

মনোবিজ্ঞান ও অর্থনীতিতে এই ভাবনার সঙ্গে ‘সাঙ্ক কস্ট’ (Sunk Cost) ধারণার দারুণ মিল রয়েছে। অর্থনীতিতে যেমন কোনো কিছুতে ইতোমধ্যে অনেক সময়, শ্রম বা অর্থ দিয়ে ফেলার কারণে সেটি ক্ষতিকর জেনেও মানুষ তা আঁকড়ে ধরে থাকে, সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। তবে অতীতে কত বছর কেটেছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো সামনে কী অপেক্ষা করছে। নিজেকে তাই সরাসরি প্রশ্ন করা দরকার-এই সম্পর্কটি ঠিক আজ যেমন আছে, আগামী পাঁচ বছরও যদি একই রকম থাকে, আমি কি তাতে সুখী হতে পারব?

মানুষটিকে চান, নাকি চেনা জীবনটাকে?

দীর্ঘ পথচলায় সম্পর্কটি দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। সকালে কার বার্তা আসবে, মন খারাপ হলে কাকে ফোন করতে হবে কিংবা ছুটির দিনে কার সঙ্গে সময় কাটবে-সবকিছুই নির্ধারিত থাকে। তাই অনেক সময় সম্পর্ক শেষ করার ভয় মানে কেবল মানুষটিকে হারানোর ভয় নয়; বরং অভ্যস্ত ও চেনা একটি জীবন হারানোর ভয়।

নতুন করে একা থাকা, পরিজন ও বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়া কিংবা ভবিষ্যৎ পুনর্গঠন করার ঝামেলা এড়াতে অনেকে অসমাপ্ত সম্পর্কে পড়ে থাকেন। এ ক্ষেত্রে ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার-আপনি কি সত্যি মানুষটির সঙ্গে থাকতে চান, নাকি তাকে ছাড়া একাকী জীবনটাকে ভয় পাচ্ছেন?

মানুষ বদলায়, বদলায় সম্পর্কের গতিপথ

পাঁচ বছর আগে দুজন মানুষের মূল্যবোধ ও লক্ষ্য যা ছিল, সময়ের সঙ্গে তা বদলে যেতেই পারে। ক্যারিয়ার, বসবাস, কিংবা জীবনধারা নিয়ে ভাবনার অমিল দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক।

এই পরিবর্তন মানেই কেউ একজন খারাপ হয়ে গেছেন তা নয়। দুজন ভালো মানুষও সময়ের বিবর্তনে দুটি ভিন্ন দিকে মোড় নিতে পারেন, যেখানে যৌথ ভবিষ্যৎ গঠন অসম্ভব হয়ে পড়ে। একসময় দুজন একে অপরের জন্য মানানসই ছিলেন সেটি যেমন সত্য, এখন আর সেই রসায়ন কাজ করছে না-সেটিও সমান সত্য হতে পারে।

সাময়িক সমস্যা নাকি দীর্ঘদিনের বিষাক্ততা?

প্রতিটি সম্পর্কেই কঠিন সময় আসে। কাজের চাপ, অর্থনৈতিক সংকট বা পারিবারিক টানাপোড়েনে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক এবং সে সময় সম্পর্ক সামলে নেওয়ার চেষ্টা করাই শ্রেয়। তবে সাময়িক সংকট আর দীর্ঘদিনের বিষাক্ত পরিবেশ এক নয়।

সম্পর্কে বারবার একই অসম্মান হচ্ছে কি না, কথা বলেও কোনো পরিবর্তন আসছে কি না, কিংবা শুধু একজনকেই সব সময় ছাড় দিতে হচ্ছে কি না-তা গভীরভাবে ভাবা প্রয়োজন। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কখনোই একপক্ষের হতে পারে না।

সম্পর্ক শেষ হওয়া মানেই কি ব্যর্থতা?

দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভাবেন এত বছরের সব চেষ্টা বুঝি ব্যর্থ হয়ে গেল। কিন্তু সব সম্পর্কের সফলতা কেবল শেষ পর্যন্ত একসঙ্গে থাকা দিয়ে মাপা যায় না। কোনো সম্পর্ক হয়তো জীবনের বিশেষ কিছু বছরকে সুন্দর করেছে, জীবনের অনেক শিক্ষা দিয়েছে এবং কঠিন সময় পার করতে সাহায্য করেছে। পরে সেটি কাজ না করলেও আগের সেই সুন্দর সময়গুলো অর্থহীন হয়ে যায় না। সম্পর্ক শেষ হয়ে যাওয়া এবং সম্পর্কটি কখনোই মূল্যবান ছিল না-এই দুটি কিন্তু পুরোপুরি ভিন্ন বিষয়।

চূড়ান্ত সিদ্ধান্ত হোক বর্তমানের ওপর ভিত্তি করে

পুরোনো সম্পর্ককে হুট করে ত্যাগ করা যেমন অনুচিত, তেমনি কেবল ‘পুরোনো’ বলেই অস্বস্তিকর সম্পর্কে আটকে থাকাও কোনো সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতীত স্মৃতির পাশাপাশি বর্তমানের পরিস্থিতি মূল্যায়ন করুন।

এখনও কি দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, যোগাযোগের জায়গা এবং ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? সবচেয়ে বড় কথা, দুজনই কি সমানভাবে এই সম্পর্কটি টিকিয়ে রাখতে আগ্রহী? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে খোলামেলা আলোচনার মাধ্যমে নতুন সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় চেষ্টা কেবল একপাক্ষিক, কোনো পরিবর্তন নেই এবং আত্মমর্যাদার জায়গাটি নষ্ট হয়ে গেছে, তবে কেবল স্মৃতির দোহাই না দিয়ে নতুন করে ভেবে দেখাই বুদ্ধিমানের কাজ হবে।