রাস্তা পার হওয়ার সময় সামনে দিয়ে কালো বিড়াল দৌড়ে গেলে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ মনে করেন, কালো বিড়াল দেখা মানেই সামনে কোনো বড় বিপদ বা দুর্ভাগ্য অপেক্ষা করছে। কিন্তু কালো বিড়াল কি আসলেই অশুভ? নাকি এটি হাজার বছর ধরে চলে আসা নিছকই একটি কুসংস্কার? বিজ্ঞান ও ইতিহাস ঘাঁটলে এর পেছনের চমৎকার সব তথ্য বেরিয়ে আসে।

যেভাবে অশুভ হলো কালো বিড়াল

কালো বিড়ালের এই ‘অশুভ’ তকমা পাওয়ার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে প্রাচীন মিসরে। সে সময় মিসরীয়রা বিড়ালকে আধ্যাত্মিক শক্তির প্রতীক ও দেবী ডায়নার বাহন হিসেবে পূজা করত। বিড়াল হত্যা করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো।

তবে ১২৩৩ খ্রিষ্টাব্দে এসে ইউরোপে দৃশ্যপট পাল্টে যায়। খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ নবম গ্রেগরি কালো বিড়ালকে ‘শয়তানের দোসর’ আখ্যা দিয়ে এদের হত্যার নির্দেশ দেন। এর পেছনে মূলত ক্যাথলিক ও পেগানদের ধর্মীয় দ্বন্দ্ব কাজ করেছিল; পেগানদের প্রিয় কালো বিড়ালকেই এর বলি হতে হয়। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে ডাইনি প্রথার সময় কালো বিড়ালকে ডাইনিদের সঙ্গী মনে করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, আর সেখান থেকেই কালো বিড়াল অশুভের প্রতীকে পরিণত হয়।

রাতে বিড়ালের চোখ জ্বলে কেন?

অন্ধকারে কালো বিড়ালকে বেশি ভয় পাওয়ার একটি বড় কারণ এদের জ্বলজ্বলে চোখ। এর বৈজ্ঞানিক কারণ হলো বিড়ালের চোখের রেটিনার পেছনে থাকা ‘ট্যাপেটাম লুসিডাম’ (Tapetum Lucidum) নামক একটি বিশেষ প্রতিফলক পর্দা। এটি অনেকটা আয়নার মতো কাজ করে। অন্ধকারে সামান্য আলো (যেমন চাঁদের বা টর্চের আলো) যখন বিড়ালের চোখে পড়ে, তখন তা এই পর্দায় বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এ কারণে বিড়ালের চোখ জ্বলন্ত মার্বেলের মতো মনে হয়। কালো রঙের কারণে অন্ধকারে বিড়ালের শরীর দেখা যায় না, শুধু চোখ জ্বলতে দেখা যায় বলেই মানুষ ভয় পেয়ে অশুভ ভেবে বসে।

কালো রং কি আসলেই অভিশাপ?

বিজ্ঞান বলছে, কালো বিড়াল অন্য যেকোনো সাধারণ বিড়ালের মতোই নিরীহ ও আদুরে। এদের গায়ের রং কালো হওয়ার পেছনে সম্পূর্ণ জেনেটিক বা জিনগত কারণ দায়ী। শরীরে ‘মেলানিন’ পিগমেন্ট বেশি থাকার কারণেই এরা মিশমিশে কালো হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের জিন গবেষক স্টিফেন ওব্রায়েনের গবেষণা অনুযায়ী, এই কালো রঙের জন্য দায়ী জিনগুলো বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যান্য বিড়ালের তুলনায় কালো বিড়ালের সংক্রামক ব্যাধি অনেক কম হয়। গবেষকরা মনে করছেন, কালো বিড়ালের এই বিশেষ জেনেটিক বৈশিষ্ট্য ভবিষ্যতে মানুষের এইচআইভি ও অন্যান্য প্রাণঘাতী ভাইরাসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুতরাং, কালো বিড়াল মোটেও অশুভ বা দুর্ভাগ্যের প্রতীক নয়; বরং কুসংস্কার মুক্ত মনে দেখলে এরা প্রকৃতির এক আশীর্বাদ।