পটিয়া প্রতিনিধিঃ Md. Ibrahim Chowdhury

চট্টগ্রামের পটিয়ায় রাতের আধারে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। তালা ঝুলিয়ে তারা পেস্টুন লাগিয়ে পালিয়ে যায়। তবে লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও এ বিষয়ে মুখে খুলেনি কেউ।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ নুর ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝুলানোর পাশাপাশি পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে- বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘট। এছাড়া ব্য্যানার-পোস্টারে বলা হয়- সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, দেশ সংস্কারের কাজ চলছে। পোস্টারের নিচে সৌজন্যে ‘শিহাব উদ্দীন, সদস্য, পটিয়া সরকারি কলেজ ও কর্মী, চট্টগ্রাম দক্ষিণ জেলা’ নাম উল্লেখ রয়েছে।

খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুর ইসলাম ছিদ্দিকী জানান, সোমবার রাতে নাইটগার্ড খেতে গেলে সে সুযোগ কয়েকজন যুবক এসে তালা লাগিয়ে চলে যায়। সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় গেইটের ফুটেজ নেয়া যায়নি৷ বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ আসার আগেই তালাটি আবার কে বা কারা খুলে দেয় বলে তিনি জানান।

নাম প্রকাশ না করা শর্তে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সোমবার রাতে কয়েকজন এসে তালা লাগিয়ে দিলে খবর পেয়ে বিএনপির লোকজন এসে তালা খুলে দেয়।

অন্যদিকে পটিয়া যুগ্ম জেলা জজ (চৌকি) আদালতের প্রধান ফটকেও তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটে। তবে আইনজীবী সমিতির সেক্রেটারী তানজিনা জাহান এ বিষয়ে কিছু জানেন না বলে প্রতিবেদককে জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ ও পাঠদান স্বাভাবিক রাখা হয়েছে।