পটিয়া প্রতিনিধিঃ Md. Ibrahim Chowdhury
‘মায়ের সঙ্গে কারও তুলনা হয় না। মা তো মা-ই। যার গর্ভে পৃথিবীর আলো দেখা, যার স্নেহ-মমতায় বেড়ে ওঠা, সেই মায়ের প্রতি যত্ন, ভালোবাসা ও শ্রদ্ধার কোনো বিকল্প নেই।’ এমন বার্তা নিয়েই চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক ‘মাতৃপূজা’।
গত সোমবার (০৯ নভেম্বর) রাতে পটিয়া উপজেলার মুজাফফরাবাদ সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।
সনাতন ধর্মে প্রতিমা পূজার চল থাকলেও, জীবন্ত জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের গুরুত্ব তুলে ধরতেই মূলত এই ব্যতিক্রমী আয়োজন।
আয়োজনে অংশ নেওয়া সন্তানরা তাঁদের নিজ নিজ মাকে সামনে বসিয়ে ভক্তিভরে পূজা-অর্চনা করেন। পুষ্পমাল্য অর্পণ ও চরণ স্পর্শের মাধ্যমে মায়ের প্রতি সম্মান জানানোর পাশাপাশি মায়েরা যেন আজীবন সুখে-শান্তিতে থাকেন, সেই প্রার্থনা করা হয়। সন্তানরাও নত মস্তকে গ্রহণ করেন জন্মদাত্রী মায়ের আশীর্বাদ। ব্যতিক্রমী ও আবেগঘন এই আয়োজনে উপস্থিত মায়েদের চোখে-মুখে দেখা গেছে আনন্দ ও তৃপ্তির অশ্রু।
আয়োজকেরা জানান, গর্ভধারিণী মাকে অবহেলা করে শুধু মাটির তৈরি প্রতিমা বা দেবীর পূজায় মগ্ন থাকলে সেই পূজার প্রকৃত তাৎপর্য প্রকাশ পায় না। জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মায়ের প্রতি ভালোবাসা যেন শুধু এক রাতের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনেও সন্তানরা যাতে মায়ের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখে, সেই সচেতনতা তৈরি করতে চান তাঁরা।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি শুভাশীষ দে, সাধারণ সম্পাদক রুবেল বিশ্বাস, অর্থ সম্পাদক নয়ন দাশ বর্মণসহ পূজা ও মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সমাজে যখন বৃদ্ধ মা-বাবাকে অবহেলার নানা খবর পাওয়া যায়, তখন তরুণ প্রজন্মের এমন আয়োজন সমাজকে এক ইতিবাচক বার্তা দেবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন