গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ এবং বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির নিচতলায় থাকা দোকানে লুটপাট চালানোর পর ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত। তার দাবি, আওয়ামী লীগ নেতাদের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও বিএনপির একাধিক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও লুটপাট, নাশকতা ও অরাজকতার আশঙ্কা রয়েছে।

এদিকে একই দিন বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হামলার শিকার হন মোসলেম আলী। পরে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। সংঘর্ষের একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, পুলিশের পিকআপ ভ্যানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদীই আজ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নতুন করে মামলা করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, রবিবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।