পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই বৃদ্ধের মাথায় দিতে হয়েছে ১৯টি সেলাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। উল্টো মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আসামির বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া রজনী ধরের বাড়িতে গত ২৬ অক্টোবর এ ঘটনা ঘটে। সেই হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বিধান চন্দ্র ধর ও তাঁর পরিবার।

ভুক্তভোগী বিধান চন্দ্র ধরের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ছেলে জয় প্রসাদ ধরের ওপরও ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর পায়ে গুরুতর কাটা জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বিধান চন্দ্র ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। তাঁর মাথায় দিতে হয় ১৯টি সেলাই। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পরও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, মামলা তুলে নিতে বাদীপক্ষকে নিয়মিত হুমকি দিচ্ছেন আসামিরা। ফলে একদিকে গুরুতর হামলার বিচার না পাওয়ার শঙ্কা, অন্যদিকে প্রাণনাশের আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তাঁরা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শফিক উল্লাহ জানান, মামলার বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন