কুমিল্লা প্রতিনিধিঃ আবুল কালাম
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
নিহত সুখিয়া বেগম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে মাদক সেবন ও পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রের দাবি।
একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁরা আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন সুখিয়া বেগম।
নিহতের পরিবারের দাবি, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া তাঁকে ছুরিকাঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শরিফ মিয়া ছুরিকাঘাত করে সুখিয়া বেগমকে হত্যা করেছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
দিনদুপুরে বাজার এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন