ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের নামে থাকা ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর সম্পত্তিও জব্দের কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

২৪ মামলার মধ্যে সাতটির অভিযোগপত্র দাখিল

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে এবং সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায় মূলত রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত।

জমি, বাড়ি ও ফ্ল্যাট জব্দ

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দের তথ্য জানিয়েছে সংস্থাটি। ওই জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা।

১৫৬ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ বিভিন্ন অস্থাবর সম্পদের ওপরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

চারজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দুদকের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে চলমান মামলার প্রক্রিয়ায় আইনগত পদক্ষেপের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, এসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।