অন্য দেশের প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে এবার নিজেদের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা
অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মহাকাশ গবেষণায় এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আগামী তিন বছরের মধ্যে দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) নাম অনেকেই জানেন। সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। দেশের বিজ্ঞানীরাই এই স্যাটেলাইট তৈরির কাজে যুক্ত রয়েছেন।
উদ্ভাবনী উদ্যোগে ৫০০ কোটি টাকা বরাদ্দ
প্রযুক্তি ও গবেষণায় তরুণদের আগ্রহ বাড়াতে উদ্ভাবনী উদ্যোগে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অর্থের অভাবে যেন কোনো মেধাবী তরুণের উদ্ভাবনী পরিকল্পনা থেমে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
প্রধানমন্ত্রী বলেন, বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যবহারের পরও যদি আরও অর্থের প্রয়োজন হয়, তাহলে সরকার অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। তবে তরুণদের নিজেদের উদ্যোগী হতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগ দিতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেদের পাশাপাশি দেশকেও পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা এবং গবেষণায় দক্ষ হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না। তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য আধুনিক গবেষণাগার, গবেষণার সুযোগ এবং কার্যকর উদ্ভাবনী পরিবেশ তৈরি করা জরুরি।
২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বলে জানান তারেক রহমান।
তিনি বলেন, এভিয়েশন এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়। আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনীতির কারণে এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে বড় সম্ভাবনা রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৭৪টি দল
প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল অংশ নিয়েছে। এতে মোট ২৯৬ জন প্রতিযোগী রয়েছেন। চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভাগগুলো হলো ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট।
প্রতিযোগীদের উদ্ভাবনগুলো বাস্তব জীবনে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব প্রযুক্তি যোগাযোগব্যবস্থা উন্নত করা, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করবে না, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে পরিচিতি তৈরি করবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন