বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় এ কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎ সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। তবে এই সংযোগের অর্থ নিয়মিত বা বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। বরং বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে এর সামঞ্জস্য যাচাই করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা ও বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
প্রাথমিক পরীক্ষা শেষে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। দ্বিতীয় দফার পরীক্ষায় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেম, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো যাচাই করা হবে।
পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। অনুমতি পাওয়ার পর আবারও গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে এগোবে কেন্দ্রটি। অর্থাৎ, বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারিগরি ও নিয়ন্ত্রক ধাপ অতিক্রম করতে হবে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এরপর ইউনিটটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১২০০ মেগাওয়াট, অর্থাৎ কেন্দ্রটির মোট সক্ষমতা ২৪০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন