বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে পাঠানো চিঠি গ্রহণ করে তিনি ২০২৭ সালের শুরুর দিকে সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা আমন্ত্রণপত্রটি দিসানায়েকের হাতে তুলে দেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টও সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে চান বলেও জানান তিনি।
বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচনে নেওয়া ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির।
দুই দেশের নেতৃত্বের এই যোগাযোগের মধ্য দিয়ে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করা হচ্ছে। ২০২৭ সালের শুরুর দিকে দিসানায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন