বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী- জীবনের নানা পর্যায়ে পুরুষের ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন আজ। ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস। পুরুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, সামাজিক সমস্যা এবং নারী-পুরুষের সমতা নিয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
এবারের দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, যার অর্থ ‘ভবিষ্যৎ সবার’। দিবসটির আয়োজকদের মতে, নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং সমতার মধ্য দিয়েই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। ২০২৬ সালের প্রতিপাদ্যটি আন্তর্জাতিক পুরুষ দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে।
যেভাবে শুরু হয়েছিল বিশ্ব পুরুষ দিবস
বিশ্ব পুরুষ দিবসের সূচনা হয় ১৯৯৯ সালের ১৯ নভেম্বর। ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. জেরোম টিলাকসিং এ উদ্যোগ নেন। তাঁর উদ্দেশ্য ছিল সমাজে পুরুষের ইতিবাচক অবদান তুলে ধরা এবং পুরুষদের জন্য একটি সচেতনতামূলক দিবস প্রতিষ্ঠা করা।
তবে দিবসটি পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬০-এর দশক থেকেই আন্তর্জাতিক পুরুষ দিবসের দাবি উঠেছিল। ১৯৬৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর একটি নিবন্ধেও ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের আদলে পুরুষদের জন্যও একটি স্বীকৃত দিবস প্রতিষ্ঠার প্রস্তাব ছিল সেই উদ্যোগের পেছনে।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। তবে সেসব উদ্যোগ ধারাবাহিকতা পায়নি। ১৯৯৯ সালে জেরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর তারিখটি নির্ধারিত হওয়ার পর দিবসটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে শুরু করে। বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে দিনটি পালিত হয়।
কেন পালন করা হয় এই দিবস
বিশ্ব পুরুষ দিবস নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতার কোনো আয়োজন নয়। বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের ইতিবাচক অবদান স্বীকৃতি দেওয়া এবং তাঁদের জীবনসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করাই এর লক্ষ্য।
বিশেষ করে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক বৈষম্য, পারিবারিক দায়িত্ব এবং ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার বার্তাও দেওয়া হয়।
পুরুষ দিবসের ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য
আন্তর্জাতিক পুরুষ দিবসের ছয়টি মূল লক্ষ্য রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো চলচ্চিত্রের তারকা বা ক্রীড়াবিদদের পাশাপাশি সাধারণ জীবনে সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী পুরুষদের আদর্শ হিসেবে তুলে ধরা।
দ্বিতীয় লক্ষ্য পরিবার, সমাজ, সন্তান ও পরিবেশের প্রতি পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়া। তৃতীয়টি পুরুষ ও ছেলেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা বাড়ানো।
এ ছাড়া সামাজিক, আচরণগত ও আইনগত ক্ষেত্রে পুরুষের প্রতি বৈষম্য ও বঞ্চনা মোকাবিলা করা, নারী-পুরুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও সমতা জোরদার করা এবং সবার জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলাও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
যেসব দেশে পালিত হয়
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। কোথাও আলোচনা সভা, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও সেমিনারের আয়োজন করা হয়, আবার কোথাও পরিবার ও সমাজে পুরুষের অবদানকে স্বীকৃতি জানানো হয়।
দিবসটি উপলক্ষে কাছের মানুষটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। একই সঙ্গে পুরুষের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সামাজিক মর্যাদা নিয়ে সচেতনতা তৈরির মধ্য দিয়েও দিনটির তাৎপর্য তুলে ধরা সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন