ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

একের পর এক এসব হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে হামলার ঘটনায় উভয় পক্ষের বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বীপটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সম্পর্কে তথ্য জানানো হয়।

হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরনাকে বলেন, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছিল ইরান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের দাবি, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে তারা।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে নির্ভুল অভিযান চালিয়েছে তাদের বাহিনী। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

অন্যদিকে, বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

আল জাজিরার তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।

এদিকে, রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই শিয়া ধর্মীয় নেতা।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।