মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাহরাইনকে ঘিরে। দেশটির শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীর এই শাখা। খবর রয়টার্সের।
আইআরজিসির ভাষ্য, মার্কিন সামরিক ড্রোন বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় পাল্টা জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাই ছিল হামলার লক্ষ্য।
এদিকে, হামলার চেষ্টা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন। এর আগে দেশটির কর্তৃপক্ষ একটি অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
এর আগে রোববারও বাহরাইন জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের দিক থেকে আসা কয়েকটি আকাশপথের হামলা ঠেকিয়েছে। তবে নতুন করে ড্রোন হামলার দাবি এবং তা প্রতিহতের পাল্টাপাল্টি বক্তব্যে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল। তবে হামলার ক্ষয়ক্ষতি বা রাডারব্যবস্থার ওপর এর প্রকৃত প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত ক্রমেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকায় দেশটি এ সংঘাতের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন