অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফাধা ওয়াদহা (৭২) নামে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। এ ঘটনার পর তাঁর ছেলে আরাফাত এবং নাতিকেও আটক করেছে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার রাতে ফাধা ওয়াদহার বাড়ির বাইরে একদল সশস্ত্র বসতি স্থাপনকারী গুলি চালাতে শুরু করে। এ সময় নিজেদের রক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাথর ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আরও কয়েকজন বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
নিহত নারীর ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, তিনি ফাধা ওয়াদহাকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তাঁর মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থলে পড়ে থাকা রক্তের দাগ দেখিয়ে তিনি ঘটনার ভয়াবহতা তুলে ধরেন।
ফাধা ওয়াদহার ছেলে আরাফাত মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফিদহাতের দাবি, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আরাফাত ভুল করে বাড়ির উঠানে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন। তখন গাড়িতে কেউ ছিলেন না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এরপর বসতি স্থাপনকারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে আরাফাতসহ বেশ কয়েকজন আহত হন। আরাফাতকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়ার পথে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। পরে ভোরের দিকে তাঁদের ছেলেকেও গ্রেপ্তার করা হয়।
ফিদহাত বলেন, তাঁরা কোনো অপরাধ করেননি। নিজেদের বাড়িতে নিরস্ত্র অবস্থায় থাকার সময় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। শাশুড়ির জানাজায় কান্নায় ভেঙে পড়ে তিনি আরও জানান, এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আসার পর থেকেই তাঁদের পরিবার নিয়মিত হামলার শিকার হচ্ছে।
এদিকে, ফাধা ওয়াদহার মৃত্যুর বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তাদের দাবি, একদল ফিলিস্তিনি গাড়ি নিয়ে একটি ইসরায়েলি গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের ওপর হামলা করেন। এ সময় বসতি স্থাপনকারীরা গুলি চালায় এবং উভয় পক্ষের মানুষ হতাহত হন।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রায়ই ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।
ঘটনার আগেও জেরিকোর উপকণ্ঠে দিউক আল-তাহতাহ এলাকায় বসতি স্থাপনকারীদের উপস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়। কয়েকটি বাড়িতে তাদের ওঠার পর স্থানীয় ফিলিস্তিনিরা নিজেদের বাড়িতে প্রবেশে বাধার মুখে পড়েন। বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বেনিয়ামিন কাউন্সিলের দাবি, ফিলিস্তিনিদের কাছ থেকে আটটি বাড়ি কেনা হয়েছে। তবে ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল বলেছেন, জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় সেগুলো আইনগতভাবে কেনার সুযোগ নেই। এ বিষয়ে তিনি জমির নথিও রয়টার্সকে দেখিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন